সুনামগঞ্জ সদরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিউলি রাণী (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
সোমবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার জানিগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে সুনামগঞ্জ ফেরার পথে গেইটলক বাস জানিগাঁও এলাকায় আসলে হঠাৎ হার্ডব্রেক করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে যায়। এসময় ২০ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। সবাইকে উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠায় স্থানীয়রা। তার মধ্যে শিউলী রাণী উল্টে থাকা বাসের নিচে পড়ে আটকে যান।
পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত সবাই সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রতন শেখ এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জানিগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। আরো কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন।’



