শ্রীমঙ্গলে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হলো ফুটপাত

‘শহরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পথচারীরা নিরাপদে যাতে ফুটপাতে চলাফেরা করতে পারেন সেজন্য অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের এ অভিযান।’

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Sreemangal
উচ্ছেদ অভিযান
উচ্ছেদ অভিযান |নয়া দিগন্ত

দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে অবৈধভাবে দখল করা ফুটপাত ও সড়ক উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল পৌরসভা। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে শহরের স্টেশন রোড এলাকা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার প্রধান প্রকৌশলী মো: জহিরুল ইসলাম।

অভিযানে ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে স্থাপিত বিভিন্ন স্থাপনা, ভাসমান দোকান ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা এ ধরনের অভিযান অব্যাহত ও নিয়মিত তদারকি রাখতে পৌর কর্তৃপক্ষকে আহ্বান জানান। এভাবে ফুটপাত ও মূল সড়কগুলো দখলমুক্ত রাখলে শহরের যানজট অনেকাংশে কমে আসবে এবং পথচারীদের চলাচলও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পৌরসভার প্রধান প্রকৌশলী মো: জহিরুল ইসলাম বলেন, ‘শহরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পথচারীরা নিরাপদে যাতে ফুটপাতে চলাফেরা করতে পারেন সেজন্য অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের এ অভিযান। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে এবং চলমান থাকবে। এখন থেকে অবৈধভাবে সড়ক ও ফুটপাত আর কাউকে দখল করতে দেয়া হবে না।’