নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, ‘চলনবিলে পরিবেশগতভাবে খাল খননে কৃষির উন্নয়ন ও জীববৈচিত্র্য রক্ষা পাবে।’
তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিংড়ার চলনবিলে এসে নিজ হাতে খাল খনন উদ্বোধন করেছিলেন। তারই সুযোগ্য সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই খাল খনন কর্মসূচি শুরু করেছেন।’
শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাকিশা ব্রিজের অবৈধ বাঁধ অপসারণ করে পানাউল্লাহ খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
এমপি আনু বলেন, ‘দীর্ঘ ৪৬ বছর পর সুযোগ পেয়েছি। এই সুযোগ কাজে লাগিয়ে অবহেলিত সিংড়াকে উন্নয়ন ও মাদকমুক্ত সিংড়া হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ।’
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আবদুন নুর, বিএডিসি (ক্ষুদ্রসেচ)-এর সহকারী প্রকৌশলী মানিক রতন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, বিএনপি নেতা মিলন হোসেন মাস্টার, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুবেল আমিন, ছাতারদীঘি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মামুন মেম্বার, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘পাকিশা ব্রিজের দীর্ঘ দিনের এই অবৈধ বাঁধ অপসারণ ও পানাউল্লাহ খাল পুনঃখননে উপজেলার ছাতারদীঘি এলাকার ১৪টি গ্রামের প্রায় ৭০০ হেক্টর জমির ফসল জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। বিষয়টি জানার পর স্থানীয় এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক ২৪ ঘণ্টার মধ্যে এই খালের সকল অবৈধ বাঁধ অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।’



