মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাড়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার আসামি মো: তৌহিদুল ইসলাম ওরফে বাবু (৩৫) দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের মরহুম তৈয়ব আলীর ছেলে।
দৌলতপুর থানা-পুলিশ জানায়, ২০২১ সালের অক্টোবর মাসে ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা একটি মাদক মামলায় আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১০(ক), ১৯(ক) ও ১৪(ক) উপধারায় মোট ৫ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রায়ের পর থেকেই তৌহিদুল ইসলাম আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে দৌলতপুর থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, ‘দীর্ঘদিন ধরে তিনি ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।’



