মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের গ্যারেজে আগুল লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (১০ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার সিরাজদিখান বাজারস্থ পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সূত্র জানায়, আগুন লাগার ঘটনায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পদক্ষেপে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের গুরুত্বপূর্ণ সম্পদ বড় ধরনের ক্ষতি ও দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১২টা ৪ মিনিটের দিকে সিরাজদিখান বাজারস্থ পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের গ্যারেজে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গ্যারেজে থাকা পুরাতন সিলিং ফ্যান, জমা এনালগ মিটার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
সিরাজদিখান ফায়ার স্টেশনের ইনচার্জ মো: আরিফ আনোয়ার জানান, ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে গ্যারেজে থাকা একটি ডাবল-কেবিন পিকআপভ্যান, সাতটি মোটরসাইকেল, দু’টি ট্রান্সফরমার, গ্যারেজের অবকাঠামোসহ অন্য গুরুত্বপূর্ণ মালামাল আগুনের কবল থেকে রক্ষা পায়।



