দুর্গাপুরে কৃষকের পানবরজ ভাঙচুর

সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী কৃষক সেলিম এ বিষয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেন।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Rajshahi
ভেঙে ফেলা পানবরজ
ভেঙে ফেলা পানবরজ |নয়া দিগন্ত

রাজশাহীর দুর্গাপুরে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের পানবরজ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক সেলিম শেখ (৪৩)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী কৃষক সেলিম এ বিষয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, রোববার গভীর রাতে দুর্গাপুর উপজেলার রঘুনাথপুর (উত্তরপাড়া) এলাকায় আফজালের বাড়ির পাশের বিলে অবস্থিত তার ১৫ শতক জমির পানবরজ ভেঙে নেয়া হয়। একই সঙ্গে পানবরজের চারপাশের টানার দড়িসহ সব দড়ি কেটে দেয়ায় পুরো পানবরজটি মাটিতে পড়ে যায়।

পরদিন সকালে স্থানীয় বাসিন্দা ফারুক শেখ তার পানবরজে যাওয়ার পথে বিষয়টি দেখতে পেয়ে মোবাইল ফোনে তাকে জানালে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পানবরজ ভাঙচুরের দৃশ্য দেখেন।

ভুক্তভোগী সেলিম শেখ বলেন, ‘পানবরজ ধ্বংসের ফলে তার আনুমানিক ছয় লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনার পরে অভিযুক্তরা প্রাননাশের হুমকি-ধামকি দিচ্ছেন।’

তিনি ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ দায়ের করেছেন।

এদিকে অভিযুক্ত মমিন শেখ অভিযোগ অস্বীকার না করে দাবি করেন, ‘জমিটি দীর্ঘদিন ধরে তার দখলে ছিল। সেলিমকে লিজ দেয়া হয়েছিল। মেয়াদ শেষ হওয়ার পর তাকে জমি ছেড়ে দিতে বলা হয়। এরপর আমরা কয়েকজন গিয়ে ভোর রাতে পানবরজ ভেঙে ফেলেছি।’

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'