দেবীগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেল ১৫০০ রোগী

বাবার ইচ্ছে পূরণ ও মানবিক দায়বদ্ধতা থেকে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

Location :

Debiganj
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান |নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ঢাংগীরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই ক্যাম্পে প্রায় এক হাজার ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়।

রোববার (৩১ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত ওই মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। ক্যাম্পে শিশু, নারী, বয়স্ক ও সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও তিন দিনের বিনামূল্যের ওষুধ বিতরণ করা হয়।

স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মরহুম মছির উদ্দিন প্রধানের পরিবারের সদস্যরা এ জনকল্যাণমূলক মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মছির উদ্দিন প্রধান পরিবারের সদস্য নূরে আলম টুটুল। এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: আবু নোমান মো: ইফতেখারুল তৌহিদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব মাহাবুব আলম রতন, অ্যাডভোকেট নজরুল ইসলামসহ পরিবারের অন্য সদস্যরা।

মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের সভাপতি মো: নাজিমুল ইসলাম প্রধান ও সদস্য সচিব মো: আবুল বাশার প্রধান বলেন, বাবার ইচ্ছে পূরণ ও মানবিক দায়বদ্ধতা থেকে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পামুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু মণি ভূষণ রায়, পামুলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ঝর্ণা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকরা বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

মেডিক্যাল ক্যাম্পে সেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।