গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে লাগা আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার টঙ্গী স্টেশন রোডের মিলগেটে এ ঘটনা ঘটে।
আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় একটি বড় তুলার গুদামে আগুন লাগে। পরে সেখান থেকে আগুন আশপাশের আরো সাতটি গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরো চারটি ইউনিট সেখানে যোগ দেয়। পরে তাদের প্রচেষ্টায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় আশপাশের সাতটি গোডাউন পুড়ে গেছে।



