লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিনকে নাগরিক সংবর্ধনা

‘স্পিকার হওয়ার কারণে আমার অনেক ব্যস্ততা বেড়ে গেছে। তাই ইচ্ছে করলেই আমি এলাকায় আসতে পারি না। সংসদে দেশের আইন তৈরি করে রাজনৈতিক দলগুলো, আর আমি স্পিকার হিসেবে শুধু গাইড করি।’

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে লালমোহন উপজেলাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়াম রুমে লালমোহন নাগরিক ফোরামের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আওয়াল এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল।

সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমি এখানে সংবর্ধনা নিতে আসিনি। আমি লালমোহন-তজুমদ্দিনের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। নির্বাচনের দুই মাস পর আমি এলাকায় এসেছি শুধুমাত্র এই এলাকার মানুষের কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য।’

তিনি বলেন, ‘স্পিকার হওয়ার কারণে আমার অনেক ব্যস্ততা বেড়ে গেছে। তাই ইচ্ছে করলেই আমি এলাকায় আসতে পারি না। সংসদে দেশের আইন তৈরি করে রাজনৈতিক দলগুলো, আর আমি স্পিকার হিসেবে শুধু গাইড করি। বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করে।’

তিনি আরো বলেন, ‘ভোলা-বরিশাল সেতু এ অঞ্চলের মানুষের ন্যায্য ও প্রাণের দাবি। এ প্রকল্প বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি ভোলায় একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার বিষয়েও উদ্যোগ নেয়া হবে।’

উপস্থিত জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, ‘মেডিক্যাল কলেজটি যাতে লালমোহনে হয় তার জন্য আমি প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব।’

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সৎজিত কুমার ঘোষ, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো: জাফর ইকবাল, প্রেসক্লাব সভাপতি সোহেল মো: আজিজ শাহীন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রভাষক মো: রেজাউর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা আমির মাওলানা আব্দুল হক, সেক্রেটারি মাওলানা মো: রুহুল আমিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাধারণ মানুষ।