নড়াইলে তেল দিতে না পারায় পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

ট্রাকে তেল দিতে না পারায় এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অপরজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
মেসার্স তানভীর ফিলিং স্টেশন
মেসার্স তানভীর ফিলিং স্টেশন |নয়া দিগন্ত

নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অপরজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ সরদার (৩৩) ওই ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেন না পাম্প ম্যানেজার নাহিদ। তেল না পেয়ে ট্রাকচালকের সাথে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ট্রাকচালক ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা করার হুমকি দেন। পরে রাত ২টার দিকে মোটরসাইকেলে করে পেড়লীতে যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারী জিহাদ। পাম্প থেকে ১০০ গজ দূরে গেলে পেছন দিয়ে এসে ট্রাকচালক তার গাড়ি লক্ষ্য করে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জিহাদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।