দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো: রেজাউল করিম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় ভিসি বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের আপসহীন অগ্রসেনানী হিসেবে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনে থেকেও অত্যন্ত দূরদর্শী ও উদ্ভাবনী রাজনৈতিক দর্শনের মাধ্যমে জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন।’
তিনি বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। রাষ্ট্র পরিচালনার এই নতুন ও ঐতিহাসিক দায়িত্বে আমরা তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।’
তিনি আরো বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান আজ এক প্রকৃত রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন। আজ তার প্রজ্ঞা, নিষ্ঠা এবং রাজনৈতিক দূরদর্শিতার কারণেই বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে সগৌরবে যাত্রা শুরু করলো।’
ভিসি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্তর্দৃষ্টিসম্পন্ন নেতৃত্বে বাংলাদেশে আইনের শাসন, বাকস্বাধীনতা এবং সাধারণ মানুষের ভোটাধিকার স্থায়ীভাবে সুপ্রতিষ্ঠিত হবে।’ সূত্র: বাসস



