মুন্সীগঞ্জ সদর উপজেলার জাজিরা বকচর এলাকায় এক বৃদ্ধকে প্রাণনাশের হুমকি ও বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যার পর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবুল কাশেম শিকদার (৭৯)।
লিখিত অভিযোগে আবুল কাশেম শিকদার উল্লেখ করেন, রাজনৈতিক ও सामाजिक প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রতিবেশী কয়েকজনের সাথে তার ও তার পরিবারের বিরোধ চলে আসছে। এর জের ধরে অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।
অভিযোগে বলা হয়, গত ৩০ আগস্ট ২০২৪ সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত রফিকুল ইসলাম, শহিদ হোসেন, রাসেল, মোজাম্মেল, শুভ, কাওসারসহ আরো ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার বসতবাড়িতে গিয়ে ভাঙচুর চালান। এ সময় তারা অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তার ছেলে ইলিয়াস হোসেন দেশে ফিরলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেন। একই সাথে আবুল কাশেম শিকদার ও তার পরিবারের অন্যান্য সদস্যদেরও প্রাণনাশের হুমকি দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা শেষে তিনি মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ডিউটি অফিসার অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



