গাংনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

শিশু দু’টি পুকুরের ধারে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করার এক পর্যায়ে পুকুরে তাদের ভাসতে দেখে।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)
শিশুর মৃত্যু
শিশুর মৃত্যু |ইন্টারনেট

মেহেরপুরের গাংনীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মাইলমারী গ্রামের আব্বাস আলীর পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো মাইলমারী গ্রামের কৃষক আব্বাস আলীর ছেলে আদিব হোসেন (৩) ও আকাশ আলীর ছেলে ইউসুব আলী (৩)।

স্থানীয়রা জানায়, শিশু দু’টি পুকুরের ধারে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করার এক পর্যায়ে পুকুরে তাদের ভাসতে দেখে। পরে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন তাদের মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দিলে দাফনের অনুমতি দেয়া হবে।‘