নিখোঁজের ১২ দিন পর ভারতে মিলল দিনমজুরের লাশ

জুলাইয়ের ৮ তারিখ থেকে আমার বড় ভাইকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আত্মীয়স্বজনের মাধ্যমে জানতে পারি ভারতীয় পুলিশের জিম্মায় তার লাশ রয়েছে। তবে তিনি কীভাবে মারা গেলেন সেই বিষয়ে আমরা কিছুই জানি না।

Location :

Sylhet
নিহত আব্দুল মালিক
নিহত আব্দুল মালিক |নয়া দিগন্ত

রহমত আলী হেলালী, জকিগঞ্জ (সিলেট)

সিলেটের জকিগঞ্জ থেকে নিখোঁজের ১২ দিন পর ভারতের করিমগঞ্জ থেকে আবদুল মালিক (৪৩) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ওই ব্যক্তির লাশ হস্তান্তর করা ‍হয়।

নিহত আবদুল মালিক জকিগঞ্জ উপজেলার ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের মৌলভীচক গ্রামের মিরাশি বাড়ির বাসিন্দা।

জানা যায়, আব্দুল মালিকের ভারতে আত্মীয়স্বজন রয়েছে। তিনি প্রায়ই জকিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যেতেন। পরিবারের ধারণা, তিনি করিমগঞ্জে স্বজনদের সাথে দেখা করতে গিয়ে নিখোঁজ হন।

এদিকে দুই দিন আগে করিমগঞ্জের কুশিয়ারা নদী থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। পরে করিমগঞ্জে থাকা আব্দুল মালিকের স্বজনেরা তার লাশ শনাক্ত করেন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশের মাধ্যমে বাংলাদেশ পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরবর্তী সময়ে জকিগঞ্জ থানা পুলিশের মাধ্যমে লাশটি তার পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে নিহত আব্দুল মালিকের ছোট ভাই আনসার সদস্য আব্দুল মুকিত জানান, ‘জুলাইয়ের ৮ তারিখ থেকে আমার বড় ভাইকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আত্মীয়স্বজনের মাধ্যমে জানতে পারি ভারতীয় পুলিশের জিম্মায় তার লাশ রয়েছে। তিনি কীভাবে মারা গেলেন সেই বিষয়ে আমরা কিছুই জানি না।‘

জকিগঞ্জ বিজিবি’র ক্যাম্প কমান্ডার জানান, বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার হাফিজুর রহমান স্যারের মাধ্যমে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে। আমরা শুধু নিরাপত্তার দায়িত্বে ছিলাম। এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ শনিবার রাতে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।