গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টায় শহরের টি.এ রোডের আশিক প্লাজার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলে জোটভুক্ত বিভিন্ন দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’ এবং ‘গণভোটের রায় মানতে হবে’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইন বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।
তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই দেশে প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।
সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা করা হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একইসাথে শান্তিপূর্ণভাবে জনগণের দাবি আদায়ে রাজপথে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো: আতাউল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মাইনুল হাসান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম কাসেমী, এনসিপি জেলা সদস্য সচিব প্রকৌশলী আমিনুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, সদস্য জয়ন্তী বিশ্বাস, যুব ও আইন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ সঞ্চালনা করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম।
বক্তারা আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক কোনো পক্ষ গড়িমসি করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।



