রিসোর্টে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান : দেশী-বিদেশী মাদকসহ গ্রেফতার ৬

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা সহযোগিতা করেন।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
টাস্কফোর্সের অভিযান
টাস্কফোর্সের অভিযান |নয়া দিগন্ত

গাজীপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণে দেশী-বিদেশী মদসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে জেলা প্রশাসনের নেতৃত্বে সদর উপজেলার মির্জাপুর এলাকার স্থানীয় ভাওয়াল রিসোর্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেশী-বিদেশী বিপুল পরিমাণ মদ এবং বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা সহযোগিতা করেন।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (মিডিয়া) আরিফ হোসেন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক (ডিএডি) এমদাদুল ইসলাম মিঠুন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রাত ৯টার দিকে রিসোর্টে অভিযান শুরু হয়। রিসোর্টের কনফারেন্স কক্ষের সামনে চলমান ডিজে পার্টি এবং পরে বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয়।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাওয়াল রিসোর্টে রাতভর অভিযান পরিচালনা করা হয়। ‘আর্ট এক্স’ নামের ব্যানারে রিসোর্টে ডিজে পার্টি চলছিল। এসময় রিসোর্টের ২০৯ ও ৪০৬ নম্বর কক্ষ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য এমডিএমএ (এক্সটাসি) ৯ পিস, কুশ ৫ গ্রাম, ক্যানাবিস চকলেট দুই প্যাকেট, ১০১ ক্যান বিয়ার (হান্টার), ৩ বোতল বিদেশী মদ (অ্যাবসোলিউট ভোদকা) জব্দ করা হয়। এসময় ছয় জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজধানীর গুলশান-২-এর বাসিন্দা জাহিদুল আলম জয় (৩৪), বাড্ডা এলাকার রেদোয়ান হাসান চৌধুরী (৩৩), কাফরুল এলাকার ফয়জুল ইসলাম খান লাবিব, বসুন্ধরা আবাসিক এলাকার আবির হোসেন (২৩), ইফতিয়ার কাসেম চালী (৩০) ও গাজীপুরের বাঘের বাজার এলাকার জিহাদ আহম্মেদ রাফি (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ‘আর্ট এক্স’ ব্যানারে জাহিদুল আলম জয়ের নেতৃত্বে এই ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল। ডিজে পার্টির আড়ালে তরুণ-তরুণীদের মাঝে বিভিন্ন সিনথেটিক মাদক সরবরাহ করা হচ্ছিল।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল রিসোর্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আরো জানান, রাজধানীর গুলশান-২-এর বাসিন্দা জাহিদুল আলম জয় অনুষ্ঠানের (ডিজে পার্টি) আয়োজনের জন্য রিসোর্টটি ভাড়া নেন। এই ডিজে পার্টি পরিচালনার জন্য স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেয়া হয়নি।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩৫ জন, র‌্যাব-১-এর ২০ জন এবং জয়দেবপুর থানার ১৫ জন পুলিশ সদস্যসহ মোট ৭০ জনের একটি দল অংশ নেয়।