নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে আয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রোজা নামে অপর এক শিশু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বিজয় স্তম্ভ সংলগ্ন পৌরসভার চিলারবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আয়ান উপজেলার সনমান্দি ইউনিয়নের গোপেরবাগ এলাকার জামাল হোসেনের ছেলে। সে চিলারবাগে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। আয়ান ও রোজা সম্পর্কে মামা-খালা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে আয়ান, রোজা ও শান্তা নামে তিন শিশু চিলারবাগ এলাকার বিজয় স্তম্ভ সংলগ্ন একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের বাড়ি ফিরে যেতে বললেও তারা সে কথা না শুনে গোসল করতে থাকে।
এ সময় শান্তা বাড়ি ফিরে গেলেও আয়ান ও রোজা পুকুরের পানিতে খেলতে থাকে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে গেলে বিষয়টি কেউ টের পায়নি। কিছু সময় পর পরিবারের সদস্যরা শিশুদের খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন যে, আয়ান ও রোজা পুকুরে গোসল করছিল।
পরে স্বজনরা পুকুরে নেমে তাদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়ানের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক শিশু আয়ানকে মৃত ঘোষণা করেন। রোজা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।



