শিশু নন্দিনী হত্যা ও প্রশাসনের ওপর হামলার ঘটনায় কাউকেই ছাড় নয় : ত্রাণমন্ত্রী

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা ও প্রশাসনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। তিনি বলেন, দ্রুত বিচার সম্পন্ন করে প্রকৃত দোষীদেরই আইনের আওতায় আনা হবে।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
নিহত নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু
নিহত নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু |নয়া দিগন্ত

লালমনিরহাটের আদিতমারীতে শিশু নন্দিনী হত্যা এবং পরবর্তীতে প্রশাসনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

বৃহস্পতিবার উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে নিহত নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ত্রাণমন্ত্রী বলেন, নন্দিনী হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করা হবে। একইসাথে ঘটনার দিন প্রশাসনের কর্মকর্তাদের গাড়িতে হামলা ও ভাঙচুরে জড়িত দুষ্কৃতিকারীদেরও আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। যারা অপরাধ করেছে শুধু তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।’

এ সময় তিনি নিহত শিশুটির বাবা নলিনী কান্ত বর্মন ও মা সাবিত্রী রানীর সাথে কথা বলেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।

ত্রাণমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, সংসদ সদস্য রুকনুদ্দিন বাবুল, জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো: আসাদুজ্জামান এবং জেলা পরিষদের চেয়ারম্যান মো: এ কে এম মমিনুল হক।

নিহত নন্দিনীর বাবা নলিনী কান্ত বর্মন বলেন, তিনি এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামির গ্রেফতার ও দ্রুত বিচার চান। সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসে পরিবার কিছুটা ভরসা পেয়েছে বলেও জানান তিনি।

এদিকে নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি বিধান চন্দ্র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত তাকে ও তার বাবা রঞ্জিত কুমারকে কারাগারে পাঠিয়েছেন।

অন্যদিকে, প্রশাসনের ওপর হামলার ঘটনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে দায়ের করা দুটি পৃথক মামলায় প্রায় ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।