রাজবাড়ীতে ৩ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা স্কুল মাঠে এ বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

নয়া দিগন্ত অনলাইন
রাজবাড়ী জেলার ম্যাপ
রাজবাড়ী জেলার ম্যাপ |নয়া দিগন্ত গ্রাফিক্স

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীতে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা স্কুল মাঠে এ বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীতে নানা কর্মসূচির মধ্যে এ বইমেলাটি অন্যতম। এছাড়াও দিবসটি পালনে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ভাষা দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে শহীদ খুশী রেলওয়ে মাঠ-সংলগ্ন শহীদ মিনারে দিবসের প্রথম প্রহরে সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, রাজবাড়ী প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা, স্কুল, কলেজ, কিন্ডারগার্টেনসহ সকল স্তরের জনগণের পক্ষ থেকে পুষ্প অর্পণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন–জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত জেলা প্রশাসক (আই সি টি) শংকর চন্দ্র বৈদ্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা রায়, বিএনপি নেতা অধ্যাপক মঞ্জুর আলম দুলাল, জেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবিব প্রমুখ। বাসস