গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের ৫৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে ব্যবসায়ী আব্দুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর টঙ্গী বাজারের এইচএফসি রেস্টুরেন্টে আয়োজিত দলটির কর্মী সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির খায়রুল হাসান। বিশেষ অতিথি ছিলেন টঙ্গী পূর্ব থানার আমির নজরুল ইসলাম।
সম্মেলনে সভাপতিত্ব করেন ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির এ বি এম সাইফুল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গী ভরান জামে মসজিদের খতিব মাওলানা কেরামত আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) গাজীপুর দক্ষিণ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক নাজমূল বারী চৌধুরী, জামায়াতের ৫৭ নম্বর ওয়ার্ডের সাবেক আমির ও টঙ্গী পূর্ব থানার কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল হক, ওয়ার্ড সেক্রেটারি মাসুদ আলম ও নায়েবে আমির আ ফ ম আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা আগামী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানান। একইসাথে ওয়ার্ডভিত্তিক জনসম্পৃক্ততা বৃদ্ধি ও নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির খায়রুল হাসান ব্যবসায়ী আব্দুর রহমানকে ওয়ার্ড কাউন্সিলর পদে দলীয় সমর্থন ঘোষণা করে তার জন্য দোয়া কামনা করেন।
তিনি বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত নগর গঠন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। আগামী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ৫৭ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে হবে।’
তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী সব সময় মানুষের কল্যাণে রাজনীতি করে। নাগরিক সমস্যার বাস্তবসম্মত সমাধান ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমেই জনগণের হৃদয়ে জায়গা করে নিতে হবে।’



