নাটোরে ১১ দলের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সেমিনার

সেমিনারে বক্তারা বলেন, জনগণের অপরিসীম ত্যাগ ও প্রত্যাশার সাথে কোনো ধরনের তামাশা করা চলবে না। অবিলম্বে গণভোটের রায় অনুযায়ী বর্তমান সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
প্রধান অতিথির বক্তব্য রাখছেন অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন। |নয়া দিগন্ত

নাটোরে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা ১১ দলীয় ঐক্য এ সেমিনার আয়োজন করে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে শহরের কানাইখালী এলাকার একটি স্থানীয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন।

জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের পরিচালনায় সেমিনারে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) ভিপি ইব্রাহীম হোসেন রনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের প্রভোস্ট ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহ্দী।

সেমিনারে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনকালে যে জুলুম-নির্যাতন ও গুম-খুন চলেছে, তারই ফলশ্রুতিতে এ ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান।

তারা বলেন, জনগণের অপরিসীম ত্যাগ ও প্রত্যাশার সাথে কোনো ধরনের তামাশা করা চলবে না। অবিলম্বে গণভোটের রায় অনুযায়ী বর্তমান সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই সনদের বাস্তবায়ন না হলে তা হবে হাজারো শহীদের রক্তের সাথে চরম বিশ্বাসঘাতকতা, যা দেশের আপামর জনতা কখনোই মেনে নেবে না।

সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, আমাদের কণ্ঠ বর্তমান সরকারের সার্বিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নয়; বরং যারা পুনরায় ফ্যাসিস্ট সরকারের মতো গণবিরোধী আচরণ বা অপকর্ম করছে, আমাদের প্রতিবাদ তাদের বিরুদ্ধে। যারাই এ ধরনের কাজ করবে, জনগণ তাদের অতীত সরকারের মতোই বিদায় করবে।

সেমিনারে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, জুলাই শহীদ আকিবের বাবা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খাঁন, জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাকিম ও জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান মাহতাবিসহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।