পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বৈদ্যপাশা ও মকুমা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ভাসমান ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা ও মকুমা খালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাসেল মুন্সির নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব ড্রেজার মেশিন জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাসেল মুন্সি জানান, উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা ও মকুমা খালে অবৈধভাবে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, এসব জব্দকৃত মালামাল কাকড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: হিরন মোল্লার জিম্মায় এবং অন্যটি ইউনিয়ন পরিষদের গোডাউনে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



