মতলবে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

ঘরের চালের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের তার লিকেজ হয়ে চাল আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল।

Location :

Matlab Dakkhin
বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু |প্রতীকী ছবি

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ইসরাত জাহান ইমা (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ নওগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসরাত জাহান ইমা ওই গ্রামের তাজুল ইসলাম গাজীর নাতনি। সে নানার বাড়ি থেকে নওগাঁও উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করত। তার মা রুমা বেগম প্রবাসী এবং বাবা চট্টগ্রামে শ্রমিকের কাজ করে।

জানা যায়, ওইদিন দুপুরে ইমার নানা তাজুল ইসলাম ঘরের চালে পাতাসহ অন্যান্য আবর্জনা পরিস্কার করার জন্য মই দিয়ে নাতনিকে ঘরের চালে উঠায়। ঘরের চালের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের তার লিকেজ হয়ে চাল আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল। এ সময় ইসরাত জাহান ইমা চালে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে নিচে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: আরিফ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহম্মেদ জানান, ওই শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ত। সে খুব মেধাবী ছিল। সে নানা বাড়ি থেকে লেখাপড়া করত।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।