সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম ঘোষণা দিয়ে কক্সবাজারের রামু উপজেলায় মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (২৬ জুলাই) দুপুরে মিছিলের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগের দিন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নেও সংগঠনটির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
তবে রামুর শোডাউনটি রবিবারের ঘটনা কি না, তা নিয়ে ভিন্নমত পুলিশের। অন্যদিকে উখিয়ার কর্মসূচির প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
ভিডিও চিত্রে দেখা যায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী পার্কসংলগ্ন এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়। পরে বহরটি মহাসড়ক হয়ে জোয়ারিয়ানালার দিকে যায়। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
স্থানীয় সূত্র জানায়, শোডাউনের আগের দিন শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির ঘোষণা দেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির রামু উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক তারেক উদ্দিন মিশুক।
এদিকে তারেক উদ্দিন মিশুক শোডাউনের বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের বলেছেন, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মিছিল হয়েছে। তখন রামুতে বৃষ্টি ছিল না; সকাল সাড়ে ৯টার পর বৃষ্টি শুরু হয়।
তিনি দাবি করেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এতে বিভিন্ন পর্যায়ের অন্তত শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহীন সরওয়ার কাজল এবং সদস্য কাওসার সাকিবও নেতৃত্ব দেন। আয়োজকদের দাবি, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। তার দাবি, মোটরসাইকেল শোডাউন ও মিছিলটি রোববারের নয়।
ওসির ভাষ্য, আজ সকাল থেকেই রামুতে বৃষ্টি হয়েছে, কিন্তু প্রচারিত ভিডিওতে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। তাই এটি আগের কোনো সময়ের শোডাউনের ভিডিও হতে পারে, যা আজকের বলে প্রচার করা হচ্ছে।
এর আগে শনিবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
রামুর মোটরসাইকেল শোডাউন এবং উখিয়ার কর্মী সমাবেশকে কেন্দ্র করে কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হয়েছে।



