পটিয়ার দুর্গম পাহাড়ে অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

দুর্গম পাহাড়ি অঞ্চলসহ জেলার প্রতিটি এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Patiya
আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতাররা
আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতাররা |নয়া দিগন্ত

চট্টগ্রামের পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এসময় তাদের কাছ থেকে চারটি দেশে তৈরী আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র ও দু’টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত থানার কেলিশহর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হচ্ছেন—পটিয়ার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার মরহুম দুলা মিয়ার ছেলে মো: দেলোয়ার হোসেন (৫৪) ও নুরে আলমের ছেলে মো: মহসিন (৩৩)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি দল প্রথমে কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে দুইজনকে গ্রেফতার করেন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ইন্নারপাড়ায় দেলোয়ার হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি দামাদা, একটি কাটার এবং দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এরপর একই এলাকার ছাতিভাঙা আফছারের গাছবাগান এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা দুইটি একনলা বন্দুক ও দুইটি দেশীয় এলজি উদ্ধার করা হয়। গতকাল দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জেলা পুলিশ সুপার মো: মাসুদ আলম বিপিএম গ্রেফতারের বিষয়টি তুলে ধরে বলেন, ‘জেলায় সন্ত্রাস এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। দুর্গম পাহাড়ি অঞ্চলসহ জেলার প্রতিটি এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

থানার পুলিশ পরিদর্শক মো: জিয়াউল হক বলেন, ‘এ ব্যাপারে পটিয়া থানায় মামলা করত, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’