ঝালকাঠির রাজাপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মো: মেহেরাব হোসেন বিশাল (১৮) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত মেহেরাব উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী এলাকার বাসিন্দা মো: মুছা ফরাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার চাড়াখালি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন মেহেরাব। বিষয়টি মেয়েটি তার পরিবারকে জানালে তারা অভিযুক্তের পরিবারকে অবহিত করেন। এতে মেহরাক ক্ষুব্ধ হয়ে বুধবার কয়েকজন সহপাঠীকে সাথে নিয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে তুলে আনার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করলে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তকে আটক করে উপজেলা প্রশাসন। পরে জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেন।
এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, ‘স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে এরকম কাজ করবে না এই মর্মে তার কাছ থেকে মুসলেকা নেয়া হয়েছে । এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।’



