ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মু: মিজানুর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সকল কর্মকর্তা-কর্মচারীকে আরো মানবিক, দায়িত্বশীল ও সেবামুখী মনোভাব নিয়ে কাজ করতে হবে।
বুধবার (৪ মার্চ) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য মনোযোগ দিয়ে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের কথা শোনেন এবং পর্যায়ক্রমে সকলের সহযোগিতা নিয়ে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি উপজেলার সব দফতরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করে ভোলাহাট উপজেলাকে একটি উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি আরো বলেন, কৃষকদের স্বার্থ সবার আগে বিবেচনায় নিতে হবে। নির্ধারিত মূল্য সময়মতো ও পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে চাষাবাদে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয় এবং উৎপাদন ব্যাহত না হয়।
তিনি সতর্ক করে বলেন, যদি কোনো ডিলারের সার সিন্ডিকেটের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই অসাধু চক্রের কারণে কৃষকরা যেন ভোগান্তির শিকার না হন, সে বিষয়টি প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে।
একইসাথে মাদকদ্রব্যের বিস্তার রোধে প্রশাসনকে আরো সক্রিয় ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি একটি মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভূমি) মো: শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: সুলতান আলী, উপজেলা এলজিইডি প্রকৌশলী আহরাম আলী, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা শোভন পাল, সমাজসেবা কর্মকতা নাসিম উদ্দিন, বিএম ডিএ কর্মকর্তা লোকমান হাকিম, জনস্বাস্থ্য প্রকৌশলী আজমির আলী, এস আই খাইরুল ইসলাম, ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়নের চেয়ারম্যান- পিয়ার জাহান, ইয়াসিন আলী শাহ, মোজাম্মেল হক চুটু, আফাজউদ্দিন পানু মিয়াসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম কবির গোলাপ, ভোলাহাট উপজেলা জামায়াতের আমির মো: শামসুজ্জামান, নায়েবে আমির লোকমান আলী, সেক্রেটারি তোহিদুর রহমান।



