চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিজ বাড়ি থেকে সুজন আলী (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামে এ ঘটনাটি প্রকাশ্যে এলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সুজন আলী একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মহব্বত আলীর ছেলে এবং পেশায় রং মিস্ত্রি ছিলেন। তিন সন্তানের জনক সুজনের পারিবারিক জীবনে কিছুদিন ধরেই অশান্তি চলছিল।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করছিলেন বলে প্রতিবেশীরা জানান।
সোমবার সকালে বড় ছেলে লিমন বাবার খোঁজখবর নিতে বাড়িতে আসে। প্রধান ফটক ভেতর থেকে আটকানো থাকায় সে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে ঘরের আড়ার সাথে গলায় রশি পেচানো অবস্থায় বাবার ঝুলন্ত লাশ দেখতে পায়। লাশে পচন ধরায় ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই ঘটনাটি ঘটেছে। এ দৃশ্য দেখে লিমন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বনী ইসরাইল জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।



