কক্সবাজারের রামুতে গভীর রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি (আগ্নেয়াস্ত্র) ও দুই রাউন্ড ব্যবহৃত গুলির খোসাসহ এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে।
রোববার (১৭ মে) ভোররাত সাড়ে ৩টার দিকে রামুর দুর্গম পাহাড়ি অঞ্চল ঈদগড় ইউনিয়নের কোদালিয়াকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো: তারেক (২৫) ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করলিয়ামুড়া (সোলেমানের পাড়া) এলাকার মো: নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঈদগড় ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কোদালিয়াকাটাস্থ মো: হাসান প্রকাশ বাটু মিয়ার বসতঘরে এক অস্ত্রধারী অবস্থান করছে।
ওই তথ্যের ভিত্তিতে রামু থানার পুলিশ ওই বাড়িতে আকস্মিক অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘর থেকে আসামি মো: তারেককে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেয়া স্বীকারোক্তি ও শনাক্তকরণ মতে শয়নকক্ষের খাটের নিচ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১টি দেশীয় তৈরি এলজি (আগ্নেয়াস্ত্র) এবং ২টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্গম পাহাড়ি এলাকাসহ অপরাধ দমনে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



