চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজ শিশু মো: জায়হানের (৫) বস্তাবন্দী লাশ প্রতিবেশীর বাড়ির পেছন থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, বুধবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে।
নিহত শিশু মো: জায়হান পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার গ্যারেজ মালিক শাহজাহানের একমাত্র সন্তান।
জানা যায়, শিশু জায়হান মঙ্গলবার (১৬ জুন) দুপুরের পর থেকে নিখোঁজ হয়। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হয়। পরে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক মো: জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহত শিশুর বাবা মো: শাহজাহান একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
তিনি আরো বলেন, কিছুক্ষণের মধ্যে জেলা পুলিশ কার্যালয়ে এ ব্যাপারে বিস্তারিত প্রেস ব্রিফিং করা হবে।



