সিল্কসিটি এক্সপ্রেসের লাইনচ্যুতি : ৬ ঘণ্টার চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকে থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকের কর্মস্থল, চিকিৎসাসেবা ও অন্যান্য জরুরি কাজ ব্যাহত হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

Location :

Sirajgonj
ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ছয় ঘণ্টার চেষ্টায় ঢাকার সাথে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরাঞ্চলের রেলপথ স্বাভাবিক হয়। সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সময়ে বিভিন্ন স্টেশনে অপেক্ষায় থাকা আন্তঃনগর ট্রেনগুলো নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে ছাড়তে শুরু করে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল ৫ টা ১০ মিনিটের দিকে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার বিষয়টি জানান।

তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার পর ট্রেন চলাচলের জন্য ক্লিয়ারেন্স দেয়া হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, লাইনচ্যুতির কারণে বিকেল ৫টা পর্যন্ত রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেসসহ কয়েকটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ থাকে।

প্রায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকে থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকের কর্মস্থল, চিকিৎসাসেবা ও অন্যান্য জরুরি কাজ ব্যাহত হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ দিতে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো: মোশারেফ হোসেন ভূঁঞার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) মো: রবিউল ইসলাম এবং বিভাগীয় সঙ্কেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।

উল্লেখ্য, সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ৭৫৪ সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ঝ বগির চাকা শহীদ এম মনসুর আলী স্টেশনে লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে।