সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, ‘তালা উপজেলাকে একটি আধুনিক ও উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ লক্ষ অর্জন সম্ভব।’
তালায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সোমবার (৪ মে) দুপুর ২টার দিকে তালা উপজেলা ইউএনও কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
তিনি নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল করার আহ্বান জানান।
পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সেবামূলক কার্যক্রমে গতি আনার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দফতরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং উপজেলার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত সকলেই তালা উপজেলাকে একটি উন্নত ও মডেল উপজেলায় রূপান্তর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভার শুরুতেই এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নবাগত ইউএনও।



