নাটোরের লালপুরে ব্যাটারিচালিত অটোভ্যান ও গরুবাহী ভটভটি নসিমন (শ্যালো মেশিনচালিত) গাড়ির মুখোমুখি সংঘর্ষে রাব্বি হোসেন (২২) নামে এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তোফাকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোভ্যান যাত্রী রাব্বি হোসেন লালপুর উপজেলার বড় ময়না গ্রামের মো: আব্দুল লতিফের ছেলে।
হাসপাতাল, লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান বড় ময়নার দিকে যাওয়ার পথে তোফাকাটা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বহনকারী একটি ভটভটি নসিমন গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী রাব্বি ও চালক সাব্বির আহত হন। এর মধ্যে রাব্বি গুরুতর আহন হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাব্বিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনার পর গরু বহনকারী গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



