মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) আবু নাইম (২৩) নামে এক শিক্ষার্থী।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পদ্মায় উদ্ধার কাজ চালায় লৌহজং ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ও কোস্ট গার্ড সদস্যরা।
নাইম রাজধানীর মিরপুর এলাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মেরিন ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষের ছাত্র। তার বাড়ি নাটোর জেলায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম ও লৌহজং ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুমন আলী নয়া দিগন্তকে জানায়, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মাওয়া থেকে এমআইএসটির ১৮ জন শিক্ষার্থী ট্রলার ভাড়া নিয়ে পদ্মা নদীর সেতুর নিচে ঘুরতে বের হন। এ সময় তাদের ট্রলারটি পদ্মার চরে ভিড়ার আগেই তানভির, সোহান ও নাইম গোসলের জন্য তীরে লাফ দেন। একপর্যায়ে সেতুর ৪ নম্বর পিলারের ৫০ ফুট পূর্ব দিকে নাইম নিখোঁজ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম নিখোঁজ ওই ছাত্রকে উদ্ধার কার্যক্রম চালাতে থাকেন। নাইম সাদা গেঞ্জি পরহিত ছিলো বলে জানা গেছে।
বাকি দু’জনের মধ্যে তানভীরকে (২২) আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দু’জন সুস্থ রয়েছেন বলে জানা যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার রাত ১০টায় নিখোঁজ নাইমের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম।



