পটুয়াখালীর কলাপাড়ায় এক হাজার টাকার ১৪টি জাল নোটসহ মো: ওহিদুল (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সড়কের মনিরুল ভ্যারাইটিজ নামে একটি দোকানে ১৪ হাজার টাকা বিকাশ করার জন্য ওই যুবক টাকা নিয়ে গেলে দোকান মালিক মনিরুল টাকাগুলো পরীক্ষা করে জাল বলে শনাক্ত করেন। পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ওহিদুলকে গ্রেফতার করে।
তবে এ সময় তার সহযোগী এবং জাল নোট চক্রের মূল হোতা হিসেবে সন্দেহভাজন মেহেদী হাসান (২৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসন্ন ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা জাল নোট চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



