আমতলী (বরগুনা) সংবাদদাতা
বরগুনার আমতলীতে পৃথক স্থানে দুর্বৃত্তদের দেয়া আগুনে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী ব্রিজসংলগ্ন এলাকায় তিনটি এবং হলদিয়া ইউনিয়নের জুলেখার স্লুইসগেটসংলগ্ন এলাকায় একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাখালী ব্রিজসংলগ্ন এলাকায় রাশিদুল আকনের মুদিমনোহরী দোকান, আল আমিন ফার্মেসি ও স্বপন দাশের সেলুনে গভীর রাতে আগুন দেওয়া হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তিনটি দোকান পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
অপরদিকে একই রাতে হলদিয়া ইউনিয়নের জুলেখার স্লুইসসংলগ্ন এলাকায় লতিফ হাওলাদারের মুদিমনোহরী ও কীটনাশক দোকানেও আগুন দেওয়া হয়। দোকানটিতে বিদ্যুতের সংযোগ না থাকলেও আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত রাশিদুল আকন অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে ভোট দেয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আঠারোগাছিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাশির উদ্দিন ও তার সহযোগীরা তাকে মারধর ও দোকান বন্ধ করে দেন। এরই ধারাবাহিকতায় দোকানে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়েছে বলে তার দাবি।
তবে অভিযোগ অস্বীকার করে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাশির উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। দোকানে কে বা কারা আগুন দিয়েছে, তা তিনি জানেন না। পূর্বের ঘটনাটি পারিবারিক বিষয় ছিল, রাজনৈতিক নয় বলেও দাবি করেন তিনি।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনস্পেক্টর মো. হানিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


