ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পরিকল্পনা বিভাগের গবেষণা কর্মকর্তা মো: মনজুরুল হক পঞ্চগড়ের দেবীগঞ্জে ফাউন্ডেশনটির মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র এবং দারুল আরকাম মাদরাসা পরিদর্শন করেছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি উপজেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র এবং দারুল আরকাম মাদরাসার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে দেবীগঞ্জ মডেল মসজিদের হলরুমে ইফার শিক্ষক, কেয়ারটেকার ও ফিল্ড সুপারভাইজারদের নিয়ে মাসিক সমন্বয় সভায় অংশ নেন। এ সময় তিনি ২০২৬ শিক্ষাবর্ষের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নতুন পাঠ্যবই শিক্ষকদের হাতে তুলে দেন।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল ও ফলপ্রসূ করার বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
মো: মনজুরুল হক বলেন, ‘ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে ইফার কেন্দ্র ও দারুল আরকাম মাদরাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরো আন্তরিকভাবে কাজ করতে হবে।’
এ সময় ইফার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ রাশেদুল হকসহ ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, দারুল আরকাম মাদরাসার শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



