খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ির বিভিন্ন স্থানে একদিনেই বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) এ নিহতের ঘটনা ঘটে।
জানা যায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাইজবাগ (দায়রা কান্দি) গ্রামের মো: মোতালেব মিয়া (৫২) সোমবার সকালে নেত্রকোনার খালিয়াজুড়ির জগন্নাথপুর গ্রামের ফেরি ঘাটের ধেনু নদীতে বড়শি দিয়ে মাছ ধরার সময় আনুমানিক সকাল সাড়ে ৯টার সময় বজ্রপাতে নিহত হন।
অপরদিকে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের বড়রিয়া পাড়ার নেকবর খানের ছেলে মো: মোনায়েম খান (হালান মিয়া) ৫৫, অত্র গ্রামের সামনে জাংঘালিয়া হাওরে জমিতে কাজ করার সময় সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বজ্রপাতে নিহত হন।
সিরাজগঞ্জের সদর উপজেলার মেচরা, আকনা দিগিরচর গ্রামের আফিকুল মন্ডলের ছেলে মো: শুভ মন্ডল (৩৫) নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শিবপুর গ্রামের গোপেশ চন্দ্র সরকারের বাড়ীতে ধান কাটার জন্য আসে। সোমবার হাওরে ধান কাটাতে গেলে আনুমানিক দুপুর পোনে ১টার দিকে ছায়ার হাওরের গোঁজা নামক স্থানে বজ্রপাতে মারা যায় বলে স্থানীয় চেয়ারম্যান শামীম মড়ল বিষয়টি থানাকে অবগত করেছেন।
খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসির উদ্দীন বলেন, ‘একই দিনে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর আমি পেয়েছি। থানা পুলিশ বাহিনীর সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
প্রতিটি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে অভিভাবকদের কোনো আপত্তি না থাকায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিধি মোতাবেক যথাযথভাবে তাদের লাশ নিজ নিজ অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।’
খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, ‘একই দিনে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর আমি পেয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি তাদের লাশের দাফনের জন্য আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



