বগুড়া সিটি কর্পোরেশনের এক হাজার ৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বাজেটের উল্লেখযোগ্য আয়ের খাতের মধ্যে প্রকল্প খাত থেকে ৬৮০ কোটি, এডিপি থেকে ৬১৬ কোটি ৫০ লাখ এবং কর আদায় থেকে ৭৯ কোটি ৪০ লাখ টাকা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ব্যয়ের বড় খাতগুলোর মধ্যে রয়েছে প্রকল্প ব্যয় ৬৮০ কোটি ও এডিপি ব্যয় ৬৩০ কোটি টাকা।

Location :

Bogura
বাজেট উপস্থাপন করছেন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন
বাজেট উপস্থাপন করছেন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন |নয়া দিগন্ত

বগুড়া অফিস

বগুড়ায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য এক হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন। দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এটিই সংস্থাটির প্রথম বাজেট।

রোববার (২৬ জুলাই) বিকেলে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

বাজেটের উল্লেখযোগ্য আয়ের খাতের মধ্যে প্রকল্প খাত থেকে ৬৮০ কোটি, এডিপি থেকে ৬১৬ কোটি ৫০ লাখ এবং কর আদায় থেকে ৭৯ কোটি ৪০ লাখ টাকা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ব্যয়ের বড় খাতগুলোর মধ্যে রয়েছে প্রকল্প ব্যয় ৬৮০ কোটি ও এডিপি ব্যয় ৬৩০ কোটি টাকা।

বাজেট উপস্থাপনকালে প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জানান, নাগরিকদের ওপর অতিরিক্ত কর আরোপ না করেই ২৮টি অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করতে সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান প্রণয়ন, আধুনিক নগর ভবন নির্মাণ, সুবিল খাল ও করতোয়া নদী পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন, বগুড়া ওয়াসা ও উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, গুরুত্বপূর্ণ সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা স্থাপন এবং নগরজুড়ে সোলার স্ট্রিট লাইট চালুর পরিকল্পনা বাজেটে অন্তর্ভুক্ত রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এছাড়া বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।