মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে একটি মুদি দোকানের সামনে থেকে লাল টেপ দিয়ে মোড়ানো দু’টি বোমা সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ স্লোগান সম্বলিত হুমকিমূলক দু’টি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মুদি ব্যবসায়ী বাবুল হোসেনের দোকানের সামনে সন্দেহজনক বস্তু দু’টি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি দোকান মালিক বাবুল হোসেনকে জানানো হয়। তিনি ওই গ্রামের মৃত রিয়াজুল মাস্টারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতেও দোকান বন্ধ করে বাড়িতে যান বাবুল হোসেন। ধারণা করা হচ্ছে, গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের সামনে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু দু’টি রেখে যায়। একই সাথে সেখানে হাতে লেখা হুমকিমূলক দু’টি চিরকুটও পাওয়া যায়।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে উদ্ধার হওয়া বস্তু দু’টি পানি ভর্তি বালতিতে রেখে থানায় নেয়া হয়।
উদ্ধার হওয়া চিরকুটে ‘জয় বাংলা’ স্লোগানসহ হুমকিমূলক বার্তা এবং কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে বলে জানা গেছে। তবে চিরকুটের প্রকৃত উদ্দেশ্য ও ঘটনার সাথে জড়িতদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে।
বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে বলেও তিনি জানান।
ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।



