সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেছেন, নির্বাচনের আগে দেয়া বিএনপির প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের পথে রয়েছে।
তিনি বলেন, বিএনপি সরকার দেশে জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার (৪ এপ্রিল) রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, পেশাজীবী ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জনসাধারণের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছেন এবং নির্বাচনের প্রতিশ্রুতি মতো ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন।
তিনি আরো বলেন, কৃষকদের মধ্যে সরকার আগামী পহেলা বৈশাখ থেকে কৃষিকার্ড বিতরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি প্রমুখ।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
এর আগে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বিকাল পাঁচটায় উপজেলায় মশাখালী ইউনিয়নের শিলার বাজার ভাওয়াল রাজকাচারী, ঐতিহ্যবাহী তেরশ্রী জামে মসজিদ ও সতরবাড়ী মসজিদে সোবহানীসহ অন্যান্য স্থাপনাগুলো পরিদর্শন করেন।
তিনি বলেন, ‘সংস্কৃতি হলো একটি দেশের মূল চালিকাশক্তি। সংস্কৃতি চর্চায় বিপ্লব ঘটাতে হবে। পুরোনো রেওয়াজ পুনরুদ্ধারসহ সুষ্ঠু ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।’
এসময় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় পাগলা থানাধীন কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপির আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। এসময় তিনি বিদ্যালয় মাঠে লাঠিয়াল খেলা উপভোগ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি।


