ঈশ্বরগঞ্জে শ্বশুরবাড়িতে হামলার শিকার বরের পরিবার, আহত ৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে বরের পরিবার হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই সময় আহত হয়েছেন ৪ জন।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Ishwarganj
ঈশ্বরগঞ্জ থানা, ময়মনসিংহ
ঈশ্বরগঞ্জ থানা, ময়মনসিংহ |নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে বরের পরিবার হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই সময় আহত হয়েছেন ৪ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পারিবারিক বিরোধের জের ধরে ওই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আহত আনিছুল হক ঈশ্বরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ দুজনকে আটক করে বৃহস্পতিবার কারাগারে প্রেরণ করেছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের মধ্যপালা গ্রামের নূর ইসলামের ছেলে আবু ইউসুফ স্ত্রী-সন্তান নিয়ে গাজীপুরের মাওনা এলাকায় বসবাস ও চাকরি করেন। ঈদুল আজহা উপলক্ষে তিনি বাড়িতে আসেন। পরে তার স্ত্রী-সন্তানকে নিয়ে উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবেড় আব্দুল্লাহপুর গ্রামের শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

বিষয়টি মীমাংসার জন্য গত ২ জুন রাতে আবু ইউসুফের শ্বশুরবাড়িতে দুই পক্ষের লোকজন আলোচনায় বসেন। অভিযোগ করা হয়, ওই সময় শ্বশুরবাড়ির লোকজন ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে আবু ইউসুফ, তার দুই ভাই ও পিতার ওপর হামলা চালায়।

হামলার সময় আবু ইউসুফের বড় ভাই, শারীরিক প্রতিবন্ধী মঞ্জুরুল ইসলামের (৩১) মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। এছাড়া আরেক ভাই আনিছুল হক (৩০), বাবা নূর ইসলাম (৬৫) এবং বর আবু ইউসুফ নিজেও মারধরের শিকার হয়ে আহত হন।

স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে মঞ্জুরুল ইসলামের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বর আবু ইউসুফের ভাই আনিছুল হক ৬ জনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ শফিকুল ইসলাম (৩০) ও আব্দুস সালাম (৪৫)-কে আটক করে কারাগারে প্রেরণ করেছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, ঘটনাটি নিয়ে মামলা হয়েছে। দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।