নড়াইলের নোয়াগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৪ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। এ ঘটনায় জড়িত ২০ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে এ সংঘর্ষ ঘটে।
আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— মাহাবুব মোল্যা, রমজান মোল্যা, নাহিদ মোল্যা, টুটুল মোল্যা, শাহীদুল মোল্য, রাজা মোল্যা, তামিম মোল্যা, মিন্টু মোল্যা, ঝুনু মোল্যা, বাঁধন মোল্যা, সুমন মোল্যা, আজানুর শেখ।
স্থানীয়রা জানায়, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে কালিয়া উপজেলার নোয়াগ্রামের ইসরাইল শেখ এবং খায়রুল মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জেরে সোমবার রাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, ‘১৪ জনের শরীরে ছররা গুলি পাওয়া গেছে। সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে।’
এছাড়া মোল্যা বংশের রুলিয়া বেগমের দু’টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ গেছে।
ক্ষতিগ্রস্থ রুলিয়া বেগম বলেন, ‘আমার বসতঘর ভাঙচুরসহ সমিতি থেকে তোলা ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষরা।’
মোল্যা বংশের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় মোল্যা বংশের লোকজন গুলিবিদ্ধ হয়েছেন।
অপর দিকে ইসরাইল শেখের লোকজনের অভিযোগ, ঈদের দিন খায়রুল মোল্যা পক্ষের একজনকে এলাকায় বিক্রিত গরুর গোশতের ভাগ না দেয়ায় ইসরাইল শেখদের লোকজনের ওপর চড়াও হয় প্রতিপক্ষরা। এরপর দুইপক্ষের মধ্যে উত্তেজনা জড়িয়ে পড়ে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে উভয়পক্ষের ২০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কে বা কারা গুলি ছুঁড়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।



