পাবনা-৩ আসনের আওতাধীন চাটমোহর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলা ও মারপিটে জামায়তে ইসলামীর দুই কর্মী আহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হরিপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন হরিপুর ইউনিয়নের ঝাকড়া গ্রামের জামায়াত কর্মী রবিউল ইসলাম (৫৫) ও একই ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের সরিদুল ইসলাম (৪০)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর সভাপিতি মাওলানা আব্দুল হামিদ অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে পরাজিত হওয়ার পর ঝাকড়া গ্রামের বিএনপি কর্মী লালু মণ্ডল, রঞ্জু মন্ডল ও শাকিলসহ অন্যরা বাকবিতণ্ডার এক পর্যায়ে রবিউল ইসলামকে মারপিট করে মাথা ফাটিয়ে দেন। এছাড়া ধুলাউড়ি গ্রামের বিএনপি কর্মী বাবলুসহ অন্যরা জামায়াত কর্মী সারিদুলকে মারপিট করে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।’
চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু বলেন, ‘এমন ঘটনার বিষয়ে আমার জানা নেই।’
হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম জানান, আহত রবিউল সাবেক মেম্বার। তিনি জামায়াতের কোনো কর্মী না। তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতা। রবিউল বিএনপি কর্মীদের ওপর চড়াও হলে এ ঘটনা ঘটে। অবশ্য সারিদুল জামায়াত কর্মী। সারিদুলের সাথে বাবলুর বাকবিতণ্ডার পর এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার হোসেন জানান, অভিযোগ করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।



