জামালপুরে পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ, যুবকের লাশ উদ্ধার

মঙ্গলবার দুপুরে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি রাতে নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

Location :

Jamalpur

জামালপুরে মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের তাড়া খেয়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেওয়া আল আমিন (২৫) নামে এক যুবকের লাশ সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার দুপুরে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি রাতে নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

পুলিশ, স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নান্দিনা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন ব্যক্তি ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আল আমিন নদীর মাঝখানে ডুবে নিখোঁজ হন।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাড়ে চার ঘণ্টা অভিযান চালানোর পর নদী থেকে আল আমিনের লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় শনাক্ত করেন।

নিহত আল আমিন জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের মুক্তা মিয়ার ছেলে।

জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।”

জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল আমিন মোবাইল ফোনে বলেন, “অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। এর বাইরে কেউ নদীতে ঝাঁপ দিয়েছে কি না, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য ছিল না।”

জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, “ফায়ার সার্ভিসের কাছ থেকে লাশ গ্রহণ করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”