ফেনীতে ভারতীয় ওষুধসহ গ্রেফতার ২

র‌্যাবের তল্লাশি চলাকালে রেজিস্ট্রেশন বিহীন সিএনজিচালিত অটোরিকশা থামানোর সঙ্কেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অটোরিকশাটি পালানোর চেষ্টা করে।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
গ্রেফতাররা
গ্রেফতাররা |নয়া দিগন্ত

ফেনী শহরের হাসপাতাল মোড় সংলগ্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ভারতীয় ওষুধসহ মো: শাহ আলম (৫০) ও মো: কামরুল ইসলামকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

সোমবার (৪ মে) দুপুরে র‌্যাব এ তথ্য জানায়। এর আগে রোববার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

শাহআলম জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বেলাল হোসেনের ভাই ও শহরের ফলেশ্বর এলাকার বাসিন্দা। কামরুল ছাগলনাইয়ার পৌর শহরের বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রোববার দুপুরে ফেনী-ছাগলনাইয়া হোমের ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের বিপরীতে মহিউদ্দিন সুমনের রান্নাঘর রেস্টুরেন্টের সামনে সড়কের ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। এসময় রেজিস্ট্রেশন বিহীন সিএনজিচালিত অটোরিকশা থামানোর সঙ্কেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রিকশাটি পালানোর চেষ্টা করে। একপর্যায়ে শাহ আলম ও কামরুলকে (৩২) গ্রেফতার করা হয়। পরবর্তীতে অটোরিকশায় কৌশলে রক্ষিত অবস্থায় বিপুল পরিমাণে ভারতীয় শুল্কবিহীন ওষুধসহ রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশাটি জব্দ উদ্ধার করা হয়। উক্ত ভারতীয় শুল্কবিহীন ওষুধদের আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

এছাড়া একইদিন শহরের মহিপালে স্টার লাইন বাস কাউন্টারে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুই লাখ টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত গাঁজা, শুল্কবিহীন ভারতীয় ওষুধ ও সিএনজিচালিত অটোরিকশা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।