পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের সর্বজন শ্রদ্ধেয় ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর (৮৭) জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলীপাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন বিশাল মাঠে ধর্মীয় ও সাংস্কৃতিক আনুষ্ঠানিকতায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানের অংশ হিসেবে ভিক্ষু সংঘের পিণ্ডদান, দেশবরেণ্য ভিক্ষুদের দেশনা প্রদান, ছন্দোগুণ পাঠ, রথ পরিক্রমা এবং ঐতিহ্যবাহী আলং নৃত্য পরিবেশিত হচ্ছে। এতে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভিক্ষু ও ধর্মপ্রাণ বৌদ্ধ অনুসারীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
এর আগে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় মহাথেরোর অন্তিম রথযাত্রা, শবদেহ পালঙ্ক দোলনায় শান্তিরকুঠি দানকারীদের কাছে হস্তান্তর, ধর্মীয় সংগীত পরিবেশন, পিণ্ডদান এবং আলং নৃত্য। পুরো আয়োজনজুড়ে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ঐতিহ্যের সমন্বয়।
এই বিশেষ আয়োজনকে কেন্দ্র করে বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নারী-পুরুষের আগমন ঘটেছে। ব্যতিক্রমী এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান দেখতে স্থানীয় বাসিন্দাদেরও ব্যাপক ভিড় দেখা গেছে। অনুষ্ঠানস্থল ঘিরে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট, যা মেলায় রূপ নিয়েছে।
উল্লেখ্য, বরিশাল বিভাগের সংঘরাজ ও তুলাতলীপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উকোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর পরলোকগমন করেন। তিনি দীর্ঘ ৬৬ বছর বর্ষাবাস জীবনযাপন করে ধর্মীয় সাধনায় নিয়োজিত ছিলেন। মৃত্যুর পর বিশেষ ব্যবস্থায় ৯৯ দিন ধরে তার মরদেহ বিহারে সংরক্ষণ করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামীকাল বিকেলে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।



