সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুন্দরবন অঞ্চলে সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের ধারাবাহিকতায় চতুর্থবারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” পরিচালনা করে মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধানকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিসসংলগ্ন কালীর খাল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (১১ মে) দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়।
অভিযানে মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে দুটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়।
আটক জাহিদুল ইসলাম (৫৬) নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জব্দ অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড আরো জানায়, সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



