গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
নিহত পুলিশ সদস্য শামীম আহমেদ
নিহত পুলিশ সদস্য শামীম আহমেদ |নয়া দিগন্ত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শামীম আহমেদ নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মানিকদী দক্ষিণপাড়া এলাকার আঙ্গুর মিয়ার ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) এসএফ শাখায় ডাক বাহক হিসেবে কর্মরত ছিলেন।

জিএমপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার কাজ শেষে ঢাকা থেকে ফেরার পথে দুপুর ২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন শামীম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতালে পৌঁছে আইনগত পদক্ষেপ নেয়।

এদিকে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল শামীমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে গাজীপুরের পুলিশ কমিশনার মো: ইসরাইল হাওলাদার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, দায়িত্ব পালনের সময় একজন পুলিশ সদস্যের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যুতে জিএমপির সর্বস্তরের সদস্য গভীরভাবে শোকাহত।

তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান ও তার রূহের মাগফিরাত কামনা করেন।

দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।