কোস্ট গার্ড ও র‌্যাবের অভিযান

টেকনাফের পাহাড়ি এলাকা থেকে নারী-শিশুসহ উদ্ধার ৩২

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
টেকনাফের পাহাড়ি এলাকা থেকে নারী-শিশুসহ উদ্ধার ৩২
টেকনাফের পাহাড়ি এলাকা থেকে নারী-শিশুসহ উদ্ধার ৩২ |নয়া দিগন্ত

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার নোয়াখালি জুম্মাপাড়া এলাকার মানবপাচারকারী মো: আব্দুল আলী এলজিইডি রোড সংলগ্ন একটি পেঁপে বাগানে আটকে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ রোববার ভোররাতে বাহারছরা কোস্ট গার্ড ও র‍্যাবের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলার সময় ওই বাগানে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।

উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।